BRS TIMES
টোলের হিসাব নিয়ে ব্যাখ্যা চেয়েছে সেতু কর্তৃপক্ষ
জাতীয়প্রচ্ছদ

টোলের হিসাব নিয়ে ব্যাখ্যা চেয়েছে সেতু কর্তৃপক্ষ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডকে (এফডিইই) সাত কার্যদিবসের মধ্যে নথিসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পাঠানো চিঠিটি বৃহস্পতিবার সকালে পেয়েছে এফডিইই। চিঠিতে চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সের টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে জড়িত থাকা নিয়ে তিনটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে চুক্তিগত ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে চিঠিতে।

পাশাপাশি প্রকৃত যানবাহন চলাচলের হিসাব পেতে এক্সপ্রেসওয়ের ২২টি লেনে লোক বসিয়ে গাড়ি গণনার উদ্যোগ নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা।

টোলের হিসাব নিয়ে যা জানা গেল

অভিযোগের শুরুটা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদন থেকে। গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান দেখাচ্ছে ৭০ থেকে ৭৫ হাজার। কিছু যানবাহনের টোল কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত না করে ম্যানুয়ালি আদায় এবং একই রসিদ একাধিক গাড়িতে ব্যবহারের অভিযোগও রয়েছে প্রতিবেদনে।

চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোলের ২৫ শতাংশ পাবে সরকার। অন্যদিকে দৈনিক চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান পাবে ভর্তুকি। ফলে যানবাহনের সঠিক হিসাবই দুই পক্ষের আর্থিক পাওনা নির্ধারণের ভিত্তি।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে, তবে তা টানা ১৫ দিন হয়নি। ম্যানুয়ালি টোল নেওয়া যানবাহনের হিসাবও রাখা হচ্ছে বলে জানান তিনি। টোল আদায় ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে টোলের প্রকৃত হিসাব বের করতে স্বাধীন কারিগরি ও আর্থিক নিরীক্ষার দাবি উঠেছে। প্রথম আলোর সম্পাদকীয়তে বলা হয়েছে, টোল সফটওয়্যারের তথ্য, সিসিটিভি ফুটেজ, হাতে দেওয়া টিকিট, ব্যাংকে জমা অর্থ আর যানবাহন গণনার তথ্য মিলিয়ে দেখতে হবে। সরকারের পাওনা বঞ্চিত হওয়ার প্রমাণ মিললে তা আদায় ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

Related posts

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk

পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা

brs@admin

মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

News Desk

কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের ধর্মঘট

News Desk

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

brs@admin

চট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি

News Desk