BRS TIMES
জন অসফ জর্জিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখছেন
আন্তর্জাতিক

জন অসফ – ওবামার ছায়ায় ডেমোক্র্যাটদের নতুন তারকা

মাত্র ৩৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন জর্জিয়ার সিনেটর জন অসফ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুলনা করে কেউ কেউ তাঁকে ‘নতুন ওবামা’ বলছেন। এমনকি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় আসছে।

বর্তমানে মার্কিন সিনেটের সবচেয়ে কম বয়সী সদস্য জন অসফ। সম্প্রতি জর্জিয়া থেকে সিনেটর হিসেবে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে বিপুল তহবিল সংগ্রহ, ওবামার প্রকাশ্য সমর্থন, মঞ্চে তারুণ্যদীপ্ত উপস্থিতি ও বড় ব্যবধানে জয় – সব মিলিয়ে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় তাঁর নাম উঠে এসেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের এখনো দুই বছর বাকি। তা সত্ত্বেও ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড় ঘিরে অসফকে নিয়ে অনলাইনে বাজি চলছে। এসব বাজির বাজারে তিনি এগিয়ে রয়েছেন।

অসফের জন্ম ১৯৮৭ সালে, জর্জিয়ার আটলান্টায়। ২০০৯ সালে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতি ও রাজনীতিতে স্নাতক ডিগ্রি নেন। ২০১৩ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর করেন।

রাজনীতিতে আসার আগে তিনি অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইনসাইট টিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি দুর্নীতি, মানব পাচার, যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়ে প্রামাণ্যচিত্র তৈরি করত।

২০১৭ সালে জর্জিয়ার ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে প্রথমবার কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য হওয়ার লড়াইয়ে নামেন অসফ। প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও রান-অফ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কারেন হ্যান্ডেলের কাছে হেরে যান তিনি।

২০২১ সালে নাটকীয় রান-অফ নির্বাচনে জিতে সিনেটর হন অসফ। তখন তাঁর বয়স মাত্র ৩৩ বছর। তাঁর জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আসনসংখ্যা ৫০-৫০ হয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি সিনেটের নিয়ন্ত্রণ পায়।

ওই নির্বাচনের মধ্য দিয়ে অসফ জাতীয় রাজনীতিতে বিশেষভাবে পরিচিতি পান। সিনেটর হিসেবে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে ভূমিকা রাখেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জর্জিয়ার সিনেট আসনটি নিজেদের দখলে নেওয়াকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখেছিল। দলটির প্রার্থী ছিলেন মাইক কলিন্স।

নির্বাচনী প্রচারে ১০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেন অসফ। তাঁর প্রচার তহবিলে এত বিপুল অর্থ জমা পড়ায় এবং জাতীয় পর্যায়ে পরিচিতি বাড়তে থাকায় ডেমোক্রেটিক পার্টিতে তাঁর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়।

নির্বাচনে অসফের প্রতি সমর্থন জানান ওবামা। তিনি জর্জিয়ায় অসফের নির্বাচনী সমাবেশে যোগ দেন। শেষ পর্যন্ত প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বী কলিন্সকে হারিয়ে পুনর্নির্বাচিত হন তিনি।

বিজয়ী ভাষণে অসফ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি ট্রাম্পকে ব্যর্থ ও ক্ষমতার শেষ পর্যায়ে থাকা প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেন।

২০২৬ সালের নির্বাচনী প্রচারে জন অসফ ডেমোক্রেটিক পার্টির অন্যতম আলোচিত নেতা হয়ে ওঠেন। রাজনৈতিক পর্যবেক্ষকেরা সাবেক প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর বেশ কিছু দৃশ্যমান মিল খুঁজে পেয়েছেন।

জন অসফ: ওবামার সঙ্গে তুলনা কেন?

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ নেতৃত্ব, আশাবাদ ও পরিবর্তনের বার্তা দিয়ে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছিলেন ওবামা। জয়ী হওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর। তাঁরই মতো তারুণ্যে উদ্দীপিত অসফ। তাঁর প্রচারেও তরুণ নেতৃত্ব ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

জর্জিয়ায় অসফের নির্বাচনী সমাবেশে সমবেত জনতার মধ্য থেকে ‘ইয়েস উই ক্যান’ স্লোগান উঠতে দেখা যায়। প্রায় ২০ বছর আগে ভোটারদের উদ্বুদ্ধ করতে ওবামাও এই স্লোগান ব্যবহার করেছিলেন। ২০০৮ সালের নির্বাচনে স্লোগানটি ওবামার প্রচারের অন্যতম পরিচিত প্রতীকে পরিণত হয়েছিল।

জর্জিয়ার নির্বাচনী সমাবেশে বারাক ওবামা, জন অসফ ও রাফায়েল ওয়ার্নক
জর্জিয়ার নির্বাচনী সমাবেশে বারাক ওবামা, জন অসফ ও রাফায়েল ওয়ার্নক।

শুধু স্লোগান নয়, মঞ্চে দুজনের উপস্থিতি ও বক্তৃতার ধরনেও মিল রয়েছে। দুজনকে প্রায়ই হাতা গোটানো শার্টে মঞ্চে দেখা যায়। বক্তৃতার সময় দুজনই মঞ্চের পডিয়াম ধরে দাঁড়ান। কথা বলার সময় তাঁদের দৃষ্টি, থেমে থেমে বক্তব্য দেওয়া ও শ্রোতাদের মনোযোগ ধরে রাখার কৌশলে সাদৃশ্য রয়েছে।

তবে দুজনের মধ্যে একটি পার্থক্যও আছে। ওবামার তুলনায় অসফের বক্তৃতার ধরন বেশি সংযত, গম্ভীর ও হিসাবি। তাঁর বক্তব্যে আবেগের চেয়ে যুক্তি ও নিয়ন্ত্রিত অভিব্যক্তি বেশি গুরুত্ব পায়।

নিউইয়র্ক টাইমসের কলামিস্ট এজরা ক্লেইনও দুজনের মধ্যে দৃশ্যমান কিছু মিল খুঁজে পেয়েছেন। অসফ ক্যামেরার দিকে তিন-চতুর্থাংশ কোণে দাঁড়ান। তাঁর শারীরিক অভিব্যক্তি নিয়ন্ত্রিত। বক্তব্য দেওয়ার সময় তাঁর উপস্থিতিতে থাকে আত্মবিশ্বাস ও সংযম।

ক্লেইনের পর্যবেক্ষণে, এসব বৈশিষ্ট্য ওবামার ২০০৮ সালের নির্বাচনী প্রচারের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ তুলনাটি শুধু বক্তৃতার ধরনে সীমাবদ্ধ নয়; নির্বাচনী প্রচারে নিজেদের উপস্থাপনের কৌশলেও মিল রয়েছে।

দুজনের রাজনৈতিক জীবনের আরেকটি অভিন্ন যোগসূত্র যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জন লুইস। লুইসের রাজনৈতিক আদর্শ ও নাগরিক অধিকার আন্দোলনের অভিজ্ঞতা থেকে দুজনই অনুপ্রাণিত হয়েছেন। অসফ একসময় লুইসের সঙ্গে কাজ করেছেন। ওবামার রাজনৈতিক জীবনে লুইসের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।

ওবামার সঙ্গে তুলনা করা হচ্ছে বলে অসফ যে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামবেন, তা নিশ্চিত নয়। বরং তিনি নিজেই এ বিষয়ে তাঁর অনাগ্রহের কথা বলেছেন। একাধিকবার তিনি বলেছেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর ‘একেবারেই কোনো আগ্রহ নেই’। তাঁর লক্ষ্য সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা।

কিন্তু অসফের এমন অস্বীকৃতিতে ভবিষ্যতে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে তাঁকে নিয়ে জল্পনা কমেনি। বরং তাঁর রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে সমর্থকদের মধ্যে তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখার আগ্রহও বাড়ছে।

সিনেটর থাকাকালে ওবামাও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই বলে জানিয়েছিলেন। পরে অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করে নির্বাচনে প্রার্থী হন তিনি। অসফের সমর্থকদের অনেকেই আশা করছেন, তিনিও একসময় ওবামার পথ অনুসরণ করবেন।

অনলাইন বাজির বাজার পলিমার্কেটেও অসফকে ঘিরে আগ্রহ বাড়ছে। ৯ নভেম্বরের হিসাবে, ২০২৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বাজির বাজারে তিনি অন্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে এগিয়ে। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনের বাজির বাজারে অসফের চেয়ে সামান্য এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এই বাজারের হিসাব সময়ের সঙ্গে বদলায়।

যদি অসফ লড়াইয়ের সিদ্ধান্ত নেনও, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পথ তাঁর জন্য সহজ হবে না। ২০২১ সালে সিনেটর নির্বাচিত হওয়ায় জাতীয় পর্যায়ে আইনপ্রণেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা এখনো তুলনামূলক কম।

এ ছাড়া জর্জিয়ার আরেক সিনেটর রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকও ২০২৮ সালে ‘উচ্চপদে’ নির্বাচনে লড়ার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি অন্য কোনো পদে, তা অবশ্য স্পষ্ট করেননি।

অসফের ইহুদি ধর্মীয় পরিচয়ও তাঁর ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে ইস্যু হয়ে উঠতে পারে। দলটির মধ্যে ইহুদিবিদ্বেষ ও ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে।

গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অসফ। তবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিষয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি তিনি। তাঁর এই অবস্থান ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের অনেকের প্রত্যাশা পূরণ করেনি।

ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়া বিভিন্ন পক্ষকে এক ছাতার নিচে আনতে পারাই হবে ২০২৮ সালের নির্বাচনে দলটির মনোনয়নপ্রত্যাশীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

তবে এসব ঝুঁকি ও চ্যালেঞ্জ সত্ত্বেও অসফকে নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাবেক উপদেষ্টা ও অভিজ্ঞ ডেমোক্রেটিক কৌশলবিদ হ্যাঙ্ক শেইনকফ মনে করেন, অসফ একজন আকর্ষণীয় প্রার্থী হতে পারেন।

শেইনকফের ভাষায়, কারণ, তিনি মধ্যপন্থী। দক্ষিণাঞ্চলীয় একটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর বক্তব্যের ধরন বর্তমান সময়ের সঙ্গে মানানসই। তাঁকে দেখতেও একজন প্রেসিডেন্টসুলভ নেতা মনে হয়। তিনি সত্যিকারের একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।

Related posts

পিএসজির বিজয়–উন্মাদনা রূপ নিল সহিংসতায়: নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫০০

brs@admin

কানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জয়লাভ

brs@admin

পাক সেনাবাহিনীতে যুক্ত হলো চীনের অত্যাধুনিক ‘অ্যাটাক হেলিকপ্টার’

News Desk

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি স্বাক্ষর

News Desk

নৌকাডুবিতে মিয়ানমারে নিখোঁজ ৪২৭ জন রোহিঙ্গা, জাতিসংঘের উদ্বেগ

brs@admin

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

News Desk