26 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ

আবুধাবি টেস্টে আফগানিস্তানের সামনে জয়ের জন্য ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে লড়াই চালিয়ে গেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলা চলাকালে আফগান অধিনায়ককে আউট করেন মিরাজ। ৬৯ বলে ৩৬ রান করে মিড অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন হাসমতউল্লাহ। এটি ছিল আফগানিস্তানের ষষ্ঠ উইকেটের পতন।

দিনের শুরুতে রান নেওয়ার সময় ফিল্ডারের ছোড়া বল প্যাডে লেগে আঘাত পান হাসমতউল্লাহ। ব্যথার কারণে ২০ রান নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে দলের প্রয়োজনে আবার ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি আফগান অধিনায়ক।

অন্য প্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানের লড়াই জিইয়ে রেখেছেন সেদিকুল্লাহ অটল। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৬৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর ২৭৭ বলে তুলে নেন লড়াকু সেঞ্চুরি।

এর আগে আফগানিস্তানের ইনিংসে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন পেসার এবাদত হোসেন। ৩৩ রান করা ইকরাম আলিখিলকে ফিরিয়ে দিতে বড় ভূমিকা রাখেন উইকেটরক্ষক লিটন দাস। এবাদতের শর্ট বল পুল করতে গিয়ে গ্লাভসে লাগান ইকরাম। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন।

এরপর ইসমত আলমের সঙ্গে সেদিকুল্লাহর ৪০ রানের জুটি ভাঙেন মিরাজ। ৪ রান করে ফেরেন ইসমত।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১০৬.৪ ওভার শেষে ৬ উইকেটে ২৬৫ রান করেছে আফগানিস্তান। সেদিকুল্লাহ অটল ১০৫ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ইয়ামিন আহমদজাই, যিনি এখনো রানের খাতা খুলতে পারেননি।

ম্যাচ জিততে আফগানিস্তানের প্রয়োজন আরও ২১৪ রান। অন্যদিকে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার চারটি উইকেট।

Related posts

পিরোজপুরে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণ’

News Desk

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

News Desk

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

News Desk

মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

News Desk

এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

brs@admin
Translate »