সুইডেনের সামরিক বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট আর্টিলারি সিস্টেম কিনছে দেশটির সরকার। এ জন্য প্রায় ৭ বিলিয়ন সুইডিশ ক্রোনা বা ৭৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে সুইডেন।
সোমবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
সরকার জানিয়েছে, হিমার্স রকেট আর্টিলারি সিস্টেম সংগ্রহের ফলে সুইডিশ সশস্ত্র বাহিনী বর্তমান ব্যবস্থার তুলনায় আরও বিস্তৃত এলাকায় এবং অধিকতর দূরপাল্লায় অভিযান পরিচালনার সক্ষমতা অর্জন করবে।
প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন সাংবাদিকদের জানান, চুক্তির আওতায় লঞ্চারসহ প্রায় ১০টি ট্রাক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ থাকবে। দেশটির সংবাদ সংস্থা টিটি এ তথ্য জানিয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনের তৈরি হিমার্স রকেট সিস্টেম ২০২৭ সাল থেকে সুইডেনে সরবরাহ শুরু হবে।
সুইডিশ সরকার বলেছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে দ্রুত মোতায়েনযোগ্য এমন সক্ষমতা প্রয়োজন, যা প্রচলিত আর্টিলারি সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করবে।’
সুইডেনের নিজস্ব তৈরি আর্চার আর্টিলারি ব্যবস্থার পাশাপাশি হিমার্স ব্যবহার করা হবে।
এদিকে প্রতিবেশী নর্ডিক দেশ ফিনল্যান্ডের সঙ্গে রকেট আর্টিলারি ব্যবস্থায় সহযোগিতা আরও গভীর করার বিষয়েও একটি যৌথ ঘোষণা দিয়েছে সুইডেন। দেশটির সরকার জানিয়েছে, ফিনল্যান্ড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়ানোর চেষ্টা করছে সুইডেন।
রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশই দীর্ঘদিনের সামরিক জোটনিরপেক্ষতার নীতি থেকে সরে এসে ন্যাটোতে যোগ দেয়।




