সোমবার, মে ১১, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই সচিবালয় নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশসহ একাধিক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

মূলত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণাও দিয়েছে নতুন বিজেপি সরকার।

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী।

এদিন সকালে দলীয় কর্মসূচি শেষে সল্টলেকের দলীয় কার্যালয় থেকে বেলা সাড়ে ১১টার দিকে নবান্নে পৌঁছান তিনি। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। এরপর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বৈঠক করেন।

বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুভেন্দু লেখেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সোমবার নবান্নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুপুর ১২টায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২৩ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

এর আগে সাংবাদিক সম্মেলনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার স্বার্থে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ জন্য ভূমি ও রাজস্ব দফতরের সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।

তার দাবি, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে, তা দেয়া হবে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, নতুন সরকার ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল’ নীতিতে চলবে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার ঘোষণা দেয় নতুন সরকার। শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, আগের সরকার কেন্দ্রীয় সরকারের পাঠানো উজ্জ্বলা যোজনার ৮ লাখ ৬৫ হাজার আবেদন পাঠায়নি। নতুন সরকার তা দ্রুত পাঠাবে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো এবং জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর ভাষায়, নতুন সরকার ‘আমিত্বে’ নয়, ‘আমরা’ নীতিতে চলবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু এদিন বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেয়া হবে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নতুন বাংলাদেশ গঠনে প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা

brs@admin

চলচ্চিত্র প্রদর্শনীর সময় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস

brs@admin

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

মেহেরপুরে অস্ত্রসহ একজন আটক

News Desk

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk
Translate »