অংশগ্রহণ ব্যয় মেটাতে বাড়তি অর্থ সহায়তা চেয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ । আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। টুর্নামেন্টটি থেকে রয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলারের বেশি আয় হওয়ার সম্ভাবনা; বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার বেশি। আর এতে অংশগ্রহণ ব্যয় মেটাতে বাড়তি অর্থ সহায়তা চেয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার কাছে নিজেদের দাবি তুলে ধরেছে কয়েকটি সদস্য দেশ। তারা চায়, সংস্থাটি যেন ফিফার সঙ্গে আলোচনায় তাদের পক্ষে চাপ সৃষ্টি করে।
দলগুলোর উদ্বেগ, বিশ্বকাপে অংশ নিতে গিয়ে যে ব্যয় হবে, তা অনেক ক্ষেত্রে আয়কেও ছাড়িয়ে যেতে পারে। অন্তত লাভের অঙ্ক খুব বেশি নাও হতে পারে বলে আশঙ্কা তাদের।
টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ বিশ্ব ফুটবলের উন্নয়নে বিনিয়োগের কথা জানিয়েছে ফিফা। তবে অংশগ্রহণ করা দলগুলো ঠিক কতটা অর্থ পাবে- এ বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা নেই।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি দলকে ‘প্রস্তুতি ব্যয়’ হিসেবে ১৫ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া প্রায় ৫০ সদস্যের একটি বহরের জন্য প্রতিটি দলকে খাবার, যাতায়াত ও আবাসনের জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার কথাও রয়েছে।

