30.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
BRS TIMES
যদি বাংলাদেশ খেলত, বদলে যেত কি গ্রুপ সি’র হিসাব?
খেলাধূলা

যদি বাংলাদেশ খেলত, বদলে যেত কি গ্রুপ সি’র হিসেব?

বাংলাদেশজুড়ে নানা বিতর্কের পর সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ দল। টাইগারদের অনুপস্থিতিতে শেষ মুহূর্তে সুযোগ পায় স্কটল্যান্ড, আর তাদের নিয়েই ৭ ফেব্রুয়ারি পর্দা ওঠে আসরের। যে বিশ্বকাপ ঘিরে দেশে এত আলোচনা-সমালোচনা ছিল, ইতোমধ্যে তার গ্রুপ পর্বের সব ম্যাচও শেষ হয়ে গেছে।

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাউন্ড অব এইট বা সুপার এইট পর্ব। দুটি গ্রুপে ভাগ হয়ে ৪টি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে এই পর্ব। বিশ্বকাপের আগে সম্ভাব্য সুপার এইট নিয়ে যে পূর্বাভাস ছিল, বাস্তবে সেখানে দেখা গেছে বেশ কিছু অঘটন। আইসিসি ইভেন্টের অন্যতম সফল দল অস্ট্রেলিয়াই এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েট দলগুলোর পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো।

যদি বাংলাদেশ খেলত, বদলে যেত কি গ্রুপ সি’র হিসাব?
ইতালির ক্রিকেটার বেন মানেতি

বাংলাদেশ খেললে তাদের অবস্থান হতো গ্রুপ সিতে। ড্র অনুযায়ী এই গ্রুপেই ছিল টাইগারদের নাম, যেখানে শেষ মুহূর্তে তাদের পরিবর্তে যোগ দেয় স্কটল্যান্ড। আইসিসির ডাকে দ্রুত সাড়া দিয়েই আসরে অংশ নেয় তারা। গ্রুপ সি থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। নিজেদের চার ম্যাচের চারটিতেই জিতে দাপটের সঙ্গে গ্রুপ সেরা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাকি ম্যাচগুলো জিতে রানারআপ হয়ে পরের পর্বে উঠেছে ইংল্যান্ড।

যদি বাংলাদেশ খেলত, বদলে যেত কি গ্রুপ সি’র হিসাব?
গ্রপ সি এর পয়েন্ট টেবিল
গ্রুপের বাকি তিন দল নেপাল, ইতালি ও স্কটল্যান্ড চার ম্যাচে একটি করে জয় নিয়ে ২ পয়েন্ট পেয়েই গ্রুপ পর্ব শেষ করেছে।
তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ খেললে কি গ্রুপ সির চিত্র এমনই থাকত? সম্ভাবনার হিসাব বলছে, নেপাল ও ইতালির বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামত বাংলাদেশ। বড় কোনো অঘটন না ঘটলে এই দুই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা একপেশে নয়। টি-টোয়েন্টিতে দুই দলের ১৭ দেখায় ৮টিতে জিতেছে বাংলাদেশ, আর ৯টিতে ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায়ও ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের অবহেলা করার সুযোগ নেই।
যদি বাংলাদেশ খেলত, বদলে যেত কি গ্রুপ সি’র হিসাব?

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি হেড টু হেড রেকর্ডও বেশ চমক জাগানিয়া। চার ম্যাচের তিনটিতেই জয় বাংলাদেশের, ইংল্যান্ড জিতেছে মাত্র একবার। চলতি বিশ্বকাপেও নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে ম্যাচ বাঁচিয়ে জয় পায় ইংল্যান্ড, যেখানে এক পর্যায়ে শেষ ৭ বলে নেপালের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। স্কটল্যান্ডের বিপক্ষেও সহজ জয় পায়নি তারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হার এবং ইতালির বিপক্ষে ২০৩ রানের লক্ষ্য রক্ষা করতে গিয়েও বোলারদের ভোগান্তি দলটির অনিয়মিত পারফরম্যান্সেরই ইঙ্গিত দেয়।

উপমহাদেশের উইকেটে যেকোনো দলের বিপক্ষেই লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ। সেই বিবেচনায় অফফর্মে থাকা ইংল্যান্ড এবং পরিসংখ্যানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্তত একটি ম্যাচে জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেত না। তিন ম্যাচ জিতলেই হয়তো সুপার এইটে জায়গা করে নিতে পারত টাইগাররা। আবার একটি বড় ম্যাচ জিতেও মিলতে পারত কাঙ্ক্ষিত টিকিট।

তবে সবকিছুই এখন কেবল সম্ভাবনার গল্প। বাংলাদেশের অনুপস্থিতি বিশ্বকাপের উত্তেজনাকে কিছুটা হলেও ভিন্ন রঙ দিয়েছে, আর টাইগারদের উপস্থিতি থাকলে আসরটি যে আরও রোমাঞ্চকর হতে পারত, সে আক্ষেপটাই রয়ে গেল শেষ পর্যন্ত।

Related posts

এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

brs@admin

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

brs@admin

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin

বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল

News Desk

হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে

brs@admin

অলিম্পিকের স্বপ্ন স্বর্ণ জয়ী জাকিয়ার

brs@admin
Translate »