32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ।
১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন।

জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ।
বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর, জিয়াউর রহমান পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান।

শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণ-মানুষের কাছে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হয়েছেন।

একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তাঁর জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, দেশের সকল সঙ্কটে তিনি ত্রাণকর্তা হিসেবে বার বার অবতীর্ণ হয়েছেন। দেশকে সংকট থেকে বারবার মুক্ত করেছেন।

জিয়াউর রহমান অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন।
জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রায় সাড়ে চার দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাঁর গড়া সেই রাজনৈতিক দল তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত।

বেগম খালেদা জিয়া দেশের জনপ্রিয় নেতৃত্বে পরিণত হন। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও বেগম খালেদা জিয়ার নিজস্ব নেতৃত্ব গুণে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসীকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে জিয়াউর রহমান যুদ্ধ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি।

জিয়াউর রহমান বিশ্ব মানচিত্রে স্বাতন্ত্র বৈশিষ্ট্যে বাংলাদেশ ও বাংলাদেশীদের ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন। তাঁর শাসনামলে জাতির মর্যাদাও বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

এখনও প্রতিটি মানুষ জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম শ্রদ্ধাভরে স্মরণ করে। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবেও তাঁর পরিচিতি সর্বজনবিদিত।

সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দিক-নির্দেশনা। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা পরবর্তীকালে কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম

জন্মবার্ষিকীতে আজ থেকে বিএনপি’র দুই দিনের কর্মসূচি শুরু:

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ আজ বেলা ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জানান, এই শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত কর্মসূচিতে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন।
এ ছাড়া দিনটি উপলক্ষে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা আজ দিনব্যাপী পালিত হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল ২০ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

এই আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে রিজভী দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের এই কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানান এবং অঙ্গ সংগঠনগুলোকে নিজেদের উদ্যোগে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।
বিআরএসটি/এসএস

Related posts

মোংলায় ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ ‎

News Desk

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

News Desk

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

News Desk

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

News Desk

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

News Desk
Translate »