33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদশিরোনাম

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি শ্রমিক। দেশটির পাহাং প্রদেশের রমপিন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত লরিটির চালকও বাংলাদেশি এবং তিনি অক্ষত রয়েছেন। তবে তিনি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই লরিটি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বলছে, শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে রমপিনের কামপুং পেরউইরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩৪ বছর বয়সী মোহাম্মদ কাদের ও ৩০ বছর বয়সী মোহাম্মদ দালিম। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় আহত শ্রমিকের বয়স ৪১ বছর। তবে ৪৫ বছর বয়সী বাংলাদেশি লরিচালক অক্ষত অবস্থায় বেঁচে যান।

রমপিন জেলার পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্ডই জানান, চারজন বাংলাদেশি শ্রমিক একটি লরিতে করে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক নিয়ে যাচ্ছিলেন। লরির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন শ্রমিক বসেছিলেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, লরিচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লরিটি সড়কের বাম পাশের গিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় সামনের আসনে থাকা কাদের এবং পেছনের যাত্রী দালিম ঘটনাস্থলেই মারা যান। লরির পেছনে থাকা ৪১ বছর বয়সী আরেক শ্রমিক গুরুতর আহত হন। তবে চালক কোনও আঘাত পাননি।

পুলিশ জানায়, আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও কাউকে লরি চালানোর অনুমতি দেয়ার বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে।

শরিফ শাই শরিফ মন্ডই নিশ্চিত করেন, দুর্ঘটনায় জড়িত চারজনেরই বৈধ ভ্রমণ নথি ও তেলপাম বাগানে কাজ করার অনুমতি ছিল।

নিউ স্ট্রেইট টাইমস বলছে, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা তদন্তাধীন রয়েছে। বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে প্রাণহানির কারণ হলে এ আইনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ব্যালট কোথায় ছাপা হবে জানালেন ইসি সচিব

News Desk

৬ বিলিয়ন পাউন্ডের ভারত-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তি স্বাক্ষর

News Desk

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

brs@admin

তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি : নজরুল ইসলাম

brs@admin

ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা

News Desk

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

brs@admin
Translate »