নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জোটগতভাবে অংশ নেওয়ার পক্ষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বেশির ভাগ দল। তবে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংলাপে এককভাবে যেতে চায়। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ডাকা এই সংলাপ নিয়েই এখন জোটের ভেতরে ভিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
ইসি এরই মধ্যে নিবন্ধিত দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে। সংলাপের প্রথম দিন রোববার ডাকা হয়েছে জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনকে। জোটের শরিক এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) আমন্ত্রণ জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর। জামায়াতসহ জোটের বেশির ভাগ দল এরই মধ্যে ইসিকে জোটগতভাবে সংলাপ করার আহ্বান মৌখিকভাবে জানিয়েছে, তবে সাপ্তাহিক ছুটি থাকায় এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।
ইসির সংলাপ নিয়ে জোটের ভেতরের টানাপোড়েন
শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়। বৈঠকে উপস্থিত এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে অবস্থান জানানো হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে দলের মনোভাব এককভাবে যাওয়ার পক্ষে।
এনসিপির ভিন্ন অবস্থানের পেছনে আরও একটি বিষয় কাজ করছে বলে দলটির নেতারা মনে করছেন। গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি নেতাদের আলাদা মতবিনিময়ের বিষয়টি জামায়াত ভালোভাবে নেয়নি বলে তাদের ধারণা। জামায়াত চেয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হোক জোটগতভাবে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দল স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে চাইলে সেখানে বাধা দেওয়ার কিছু নেই।
এনসিপি নেতাদের অভিযোগ, গত বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জোটগতভাবে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর শুক্রবার একই বিষয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ আগে সিদ্ধান্ত নিয়ে পরে জোটের বৈঠক ডাকা হয়েছে। বড় দল হিসেবে জামায়াত নিজেদের সিদ্ধান্ত সবার ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখাচ্ছে বলে অভিযোগ তাদের। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন। তার ভাষ্য, দল ও জোটের বৈঠকে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।

