BRS TIMES
ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নয়, একমত ওয়াশিংটন‐বেইজিং
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নয়, একমত ওয়াশিংটন‐বেইজিং

ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না ‐ এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনের শেনজেনে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে দুই দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে, দুই পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।

এর আগে ট্রাম্প শেনজেনের কাইলিন ভিলায় পৌঁছালে সেখানে দুই নেতার বৈঠক শুরু হয় বলে জানায় চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। আগের রাতে শি চিনপিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, আজকের বৈঠক ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে ট্রাম্প ফেন্টানিল সমস্যাকেও দুই দেশের সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, কঠোর পদক্ষেপের ফলে সমুদ্রপথে ফেন্টানিল পাচার ৯৭ শতাংশ কমে গেছে। গত মে মাসে বেইজিং সফরের সময় গঠিত যুক্তরাষ্ট্র‐চীন বাণিজ্য কমিশনের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্কে আরও ভারসাম্য এসেছে বলেও দাবি করেন তিনি।

পারমাণবিক অস্ত্র ও হরমুজ নিয়ে যা বললেন ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্বের দুই বৃহৎ শক্তির এই অভিন্ন অবস্থানের ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প রাশিয়া‐ইউক্রেন যুদ্ধ বন্ধেও দুই দেশ একসঙ্গে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক উপস্থিত ছিলেন। শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে; সেখানে ইরান যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রাগার কমানোর বিষয় আলোচনায় আসতে পারে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

Related posts

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

News Desk

সচিবালয়ের নিরাপত্তা জোরদারে নির্দেশনা

News Desk

জুলাই সনদের দাবি : আজও শাহবাগ মোড় অবরোধ

News Desk

ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

News Desk

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে চায় বিএনপি, সরকারের কাছে চিঠি

News Desk

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

brs@admin