হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সময়মতো প্রস্তুত করতে সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিকভাবে চালু হবে বলেও জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনালের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ১৬ ডিসেম্বর থেকে দুটি আগমনী ও দুটি বহির্গমন ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাওয়া হবে।
তৃতীয় টার্মিনাল আংশিক চালু ১৬ ডিসেম্বর
সভায় ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট, স্ক্যানার, ট্রায়াল অপারেশন ও সংশ্লিষ্ট চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন মন্ত্রী।
সভায় বিনিয়োগ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব এবং বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




