জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলতে এখন মানুষ ভয় পায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, ভিন্নমতের মানুষকে গালিগালাজ ও সংগঠিত সাইবার আক্রমণের মাধ্যমে চুপ করিয়ে দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের এই আচরণের কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। সংসদে জামায়াতে ইসলামীর আমিরের ক্ষুব্ধ বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। তবু তিনি এই প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন বলে জানান।
জামায়াতের বিরুদ্ধে কথা বলতে ভয়
পোস্টে রাশেদ খাঁন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠক এবং দলটির সাবেক সংসদ সদস্য আমির হামজা ও সংসদ সদস্য গাজী নজরুলকে ঘিরে নারী সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ তোলেন। এসব বিষয়ে তিনি আগেও প্রকাশ্যে তথ্য-প্রমাণ তুলে ধরেছেন বলে দাবি করেন।
রাশেদ খাঁনের মতে, জামায়াত-শিবিরের নেতারা সুশীল সমাজের থেকে অনেকটাই দূরে সরে গেছেন। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে মানুষ ধীরে ধীরে দলটির কাছ থেকে আরও দূরে সরে যাবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারীর পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




