ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। বলেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে জামায়াতের আমির এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে কারও সাথে আপোস করবে না জামায়াত।
সরকারের সমালোচনা করে বলেন, সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না, ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্য রয়েছে।
স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতদের ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
একই সম্মেলনে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই কথা বলার কোনো অধিকার নেই।




