ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগ, এমন গোয়েন্দা তথ্য পেয়ে জেলাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রযুক্তির সহায়তায় চলা অভিযানে ইতোমধ্যে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের ক্যাডাররা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। মহাসড়ক অচল করে জনমনে আতঙ্ক ছড়ানোই তাদের লক্ষ্য বলে জানা গেছে।
চিরুনি অভিযান চলছে জেলাজুড়ে
নাশকতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে মহাসড়কের ১৪টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা উল্লেখযোগ্য।
আরও পয়েন্টের মধ্যে রয়েছে আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা। রাতের আঁধারে এসব পয়েন্টের নির্জন স্থানে দূরপাল্লার যানবাহনে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর ঘিরে মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার ছক কষছে, এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন নজরদারির মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করা হচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনার শেষ বিন্দু পর্যন্ত চিরুনি অভিযান চলবে বলেও জানান তিনি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চিহ্নিত ১৪টি পয়েন্টসহ মহাসড়কের ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই মহাসড়কে যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না। জনগণের জানমালের সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফায় ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি সত্যিই ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তার এই ঘোষণা ঘিরেই মহাসড়কে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে গোয়েন্দারা।




