ভারতের কেরালার কোচিতে জরুরি চিকিৎসার নামে ডেকে এক তরুণ চিকিৎসককে মারধর ও লুটের অভিযোগে অভিনেত্রী আথুল্যা চন্দ্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, হামলাকারীরা ডাক্তারের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোনও ছিনিয়ে নিয়েছে।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের আসান স্প্রিংডেল নামের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। জরুরি চিকিৎসা দরকার জানিয়ে ডাক্তারকে কৌশলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়।
চিকিৎসার নামে ডেকে ডাক্তারকে মারধর: যা ঘটেছিল
ডাক্তার ফ্ল্যাটে ঢুকতেই ভেতরে থাকা প্রায় ১২ জন তাকে ঘিরে ধরে। তাদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগ তুলে তাকে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
এরপর বসিয়ে রেখেই তার গায়ে চড়-থাপ্পড় ও পাঁজরে ঘুষি মারা হয়। অভিনেত্রী আথুল্যা তার মোবাইল কেড়ে নেন, নিয়ে যাওয়া হয় স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোনও। ছিনিয়ে নেওয়া জিনিসপত্রের মোট মূল্য প্রায় সাড়ে তিন লাখ রুপি বলে জানা গেছে।
হামলাকারীরা তাকে হত্যা করারও হুমকি দেয়। একপর্যায়ে কোনোমতে তাদের হাত থেকে ছাড়া পেয়ে ডাক্তার কাদাবন্ত্রা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেত্রী আথুল্যা চন্দ্র ও অভিনেতা-প্রযোজক বিবিন পেরুম্বিল্লিসহ তিনজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্ত ৯ জনকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে।
পুলিশ বলছে, লুটপাটই এই ঘটনার একমাত্র উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।




