যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনার লক্ষণও দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তিনি।
এ ছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করারও দাবি জানান নাহিদ ইসলাম।
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও বলেন, দেশের ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা নেতৃত্ব দিয়েছেন।
তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।




