দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই দুই কার্গো অতিরিক্ত এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে সরবরাহ করা হবে। সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য জেকেএম (Japan Korea Marker) থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে নির্ধারণ করা হয়েছে। এ মূল্য বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এলএনজি কেনার প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়। পরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করে।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবেই অতিরিক্ত এই দুই কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে।




