BRS TIMES
নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ‘ভুল তথ্য’ নিয়ে প্রশ্ন দর্শকদের
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ‘ভুল তথ্য’ নিয়ে প্রশ্ন দর্শকদের

বিসিএস ক্যাডার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—নাটকের গল্পে এমন চরিত্রে দেখা গেছে মুশফিক আর ফারহানকে। তবে সরকারি চাকরি ও প্রশাসন ক্যাডারের পদ নিয়ে নাটকে কিছু তথ্য উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের অনেকে।

‘পথের সাথীকে চিনে নিও’ নামের নাটকটি গত ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এরই মধ্যে নাটকটির ভিউ ৫১ লাখ ছাড়িয়েছে। প্রশংসার পাশাপাশি নাটকে বিসিএস ক্যাডার ও প্রশাসনের পদ নিয়ে তথ্যগত ভুলের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হচ্ছে।

জুবায়ের ইবনে বকরের নির্মিত নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্প অনুযায়ী, দরিদ্র পরিবারের মইনের সঙ্গে প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন তিনি।

ইউএনও পদে সরাসরি যোগদান নিয়ে প্রশ্ন

নাটকের একটি দৃশ্যে দেখানো হয়েছে, চাকরির প্রথম দিনেই মইন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিচ্ছেন। বিষয়টি নিয়েই আপত্তি জানিয়েছেন দর্শকদের অনেকে।

তাদের দাবি, প্রশাসন ক্যাডারে বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়ার পর সরাসরি ইউএনও পদে যোগ দেওয়ার বিষয়টি বাস্তব প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইউএনও পদে দায়িত্ব পালনের আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্দিষ্ট চাকরির ধাপ ও পদায়নের মধ্য দিয়ে যেতে হয়।

‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ নিয়েও সমালোচনা

নাটকে মইনের পদ হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দর্শকদের একটি অংশের দাবি, বাংলাদেশের সরকারি প্রশাসনিক কাঠামোয় এমন কোনো পদ নেই।

এ ছাড়া নাটকের নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে দেখানোর বিষয়টিও দর্শকদের নজরে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনা হয়েছে।

নাটকটির ইউটিউব মন্তব্যের ঘরে অনেক দর্শক অভিনয় ও গল্পের প্রশংসা করলেও সরকারি চাকরি ও বিসিএস ক্যাডারদের নিয়ে তথ্য উপস্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তানভীর খালেদ নামের এক দর্শক বিসিএস ক্যাডারদের ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে নাটক নির্মাণের আগে সরকারি চাকরি ও প্রশাসনিক পদ সম্পর্কে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

মোহাম্মদ রবিন পারভেজ নামের আরেক দর্শক ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ পদ ব্যবহারের সমালোচনা করেছেন। তার মতে, নাটক নির্মাণের আগে সরকারি চাকরির এসব বিষয়ে ন্যূনতম তথ্য যাচাই করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আরও অনেক মন্তব্য দেখা গেলেও বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগেও বিসিএস চরিত্র নিয়ে বিতর্ক

এর আগে আনিসুর রহমান রাজীবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনা হয়েছিল। সেখানে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডার হিসেবে পরিচয় দেন। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আইশা খান।

‘পথের সাথীকে চিনে নিও’ নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন সালাম জিম।

Related posts

সালমান-আনিসুল-শাজাহানসহ পাঁচজন রিমান্ডে

brs@admin

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল

News Desk

ইসলামাবাদে মার্কিন বিমান, শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার ইঙ্গিত

News Desk

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে : পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

ফের ভারত থেকে পুশইন, পাটগ্রাম সীমান্তে আটক ২০

brs@admin

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

brs@admin
Translate »