পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। তবে দিনটি সরকারি ছুটির তালিকায় নেই। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় থাকবে নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর কেউ ঐচ্ছিক ছুটি নিলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি?
২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সরকারি ছুটি রাখা হয়নি। অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি নয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় দিনটিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি হিসেবে রাখা হয়েছে।
অন্যদিকে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোনো সরকারি ছুটি নেই। ওই দিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কি বন্ধ থাকবে?
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
কোনো বিশ্ববিদ্যালয় ২৩ সেপ্টেম্বর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকাশিত ছুটির বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
মধুপূর্ণিমার ছুটি আছে কি?
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি এমনিতেই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় মধুপূর্ণিমা উপলক্ষে আলাদা কোনো অতিরিক্ত ছুটি থাকছে না।




