ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষের মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের শারুরাহ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের দাবি, হামলায় ঘাঁটির অস্ত্রের গুদাম এবং ‘ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনাকারী’ কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ইয়েমেনে ফের তীব্র সংঘর্ষ
ইরান-সমর্থিত হুতি ও সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে চলতি সপ্তাহে নতুন করে সংঘর্ষ বেড়েছে। এর ফলে দেশটির আরও বেশি বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
শনিবার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছিল, লোহিত সাগরের বন্দরনগরী মোচায় হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি হুতি অবস্থানেও হামলা চালানো হয়।
রোববার ইয়েমেনের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাইজ অঞ্চলে হুতিদের অবস্থান ও ব্যারাকে তিনটি বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
লোহিত সাগরের উপকূলে হুতিদের নিয়ন্ত্রণ
নতুন করে সংঘর্ষ শুরুর আগে প্রায় এক সপ্তাহ ধরে বড় ধরনের সামরিক অভিযান চালায় হুতিরা। এর ফলে তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বাকি অংশ এবং কয়েকটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নেয়।
এর মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিতে হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।
ইরান হরমুজ প্রণালি অবরোধ করে উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল পরিবহন অনেকটাই বন্ধ করে দেওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দাব ও লোহিত সাগর গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।
সম্প্রতি হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোকে লক্ষ্য করে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা শনিবার জানায়, মোচা বন্দরের কাছে সরকারি বাহিনী হুতিদের কয়েকটি যান ও অস্ত্র ধ্বংস করেছে এবং কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে।
বাহিনীর এক মুখপাত্রের বরাতে সংস্থাটি আরও জানায়, মোচা শহরের আশপাশে হুতিদের কয়েকটি অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, হুতিরা শনিবার সন্ধ্যায় দাবি করে, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিমানবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১২৯টি বিমান হামলা চালিয়েছে।




