31.1 C
Bangladesh
Wednesday, September 9, 2026
BRS TIMES
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নারীর ক্ষমতায়ন না হলে সভ্যতা সম্পূর্ণ হয় না।’ নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সক্ষমতাকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি প্রতিবাদ করেছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মত প্রকাশের জন্য ফেসবুকে লেখালেখি করায় গ্রেপ্তার হওয়া নারীদের পরিবারের পাশেও সংগঠনটির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময় খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে রিজভী বলেন, এসব ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছে।

জ্বালানি সংকট বৈশ্বিক: রিজভী

দেশের বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, গ্যাস ও জ্বালানি সংকট আন্তর্জাতিক ও বৈশ্বিক সংকট। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একক কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বর্তমানে সমস্যা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর চেষ্টা করছেন। কুয়েত, বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে গ্যাসবাহী কার্গো দেশে আসছে।

মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ সাময়িকভাবে বন্ধ ছিল জানিয়ে রিজভী বলেন, ত্রুটি ঠিক হয়েছে এবং ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

প্রয়োজনে আরও ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ

দ্রব্যমূল্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মানুষের বর্তমান আয় অনুযায়ী যাতে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সে লক্ষ্যে সরকার বাজারে হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, বর্ষা শেষে শরৎকালে সাধারণত শাকসবজি, চাল, ডাল, লবণসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ে। তবে সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি। ফলে আগস্টে মূল্যস্ফীতি অনেক কমেছে।

রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং সামগ্রিকভাবে দেশকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি বিএ ও বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করে রিজভী বলেন, বিএনপি সবসময় নারীদের সম্মান দেওয়া এবং তাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা এক নারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারীর ওপর আঘাত করা অত্যন্ত নিকৃষ্ট কাজ। যারা নারীদের ওপর আক্রমণ চালায় এবং এ ঘটনায় উল্লাস করে, তারা কাপুরুষ।

Related posts

ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি

brs@admin

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক

brs@admin

অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান : প্রধান উপদেষ্টা

News Desk

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

brs@admin

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

News Desk
Translate »