রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়াকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনবহুল বাংলাদেশে দীর্ঘদিন বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি ও অবকাঠামোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। মিয়ানমারে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারের মানোন্নয়ন সম্ভব হবে। বাংলাদেশ তাদের প্রত্যাবাসন ও পরবর্তীতে রাখাইনে পুনর্বাসনের ক্ষেত্রেও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া জানান, রাখাইনের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হলেও মিয়ানমার সরকার এ সংকট সমাধানে চেষ্টা করছে। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তিনি নিজের অবস্থান থেকে সমাধান প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন।
এছাড়া বৈঠকে বাংলাদেশে একটি ‘ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র’ নির্মাণে সহায়তা এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় এই বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।




