পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা যেন নিত্যদিনের ঘটনা। একের পর এক সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথে দলে বড় ধরনের পরিবর্তন আনার ঘটনায় এবার বোর্ডের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ফলে তৃতীয় টেস্টের আগে দলে সাতটি পরিবর্তন আনে পিসিবি। বাদ পড়া ক্রিকেটারদের পরিবর্তে দলে নেওয়া হয় পাঁচজন অনভিষিক্ত ক্রিকেটারকে।
শুধু খেলোয়াড়দের ক্ষেত্রেই নয়, কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়েছে। অল্প কয়েকটি ম্যাচের পরই প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে দেওয়ার পাশাপাশি পেস বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদের জায়গায় সাদা বলের কোচ মাইক হেসন এবং সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের সাবেক কোচ গিলেস্পি ‘কোড স্পোর্টস’কে বলেন, দলে জায়গা হারানোর ভয় নিয়ে খেলছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
তিনি বলেন, ‘খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। এটা এই ছেলেদের জীবিকা। বাইরে থেকে মনে হচ্ছে, তারা ভয় নিয়ে খেলছে।’
সালমানকে নিয়ে প্রশ্ন গিলেস্পির
পিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের উদাহরণ হিসেবে সালমান আলী আঘার বিষয়টি তুলে ধরেছেন গিলেস্পি। বাবর আজমের চোটের কারণে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সালমান। কিন্তু দ্বিতীয় টেস্টেই একাদশ থেকে বাদ পড়েন তিনি। এরপর তৃতীয় টেস্টের আগে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
এমন সিদ্ধান্তের সমালোচনা করে গিলেস্পি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্ব করার পর সালমান আলী আঘা দ্বিতীয় টেস্টে বাদ পড়ল, এরপর তৃতীয় টেস্টের আগে তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হলো। এমনটা কীভাবে হয়?’
‘মাঠের বাইরে ধারাবাহিক থাকতে হবে’
সিরিজের মাঝপথে কোচিং স্টাফ ও দলে বড় পরিবর্তন আনার সমালোচনা করে গিলেস্পি বলেন, মাঠে ধারাবাহিক পারফরম্যান্স পেতে হলে মাঠের বাইরেও ধারাবাহিকতা প্রয়োজন।
তার ভাষায়, ‘মাঠে ধারাবাহিকতা চাইলে, মাঠের বাইরেও ধারাবাহিক থাকতে হবে। বিষয়টি বোর্ড পর্যায়, দল নির্বাচন এবং কোচিং প্যানেল—সব ক্ষেত্রেই প্রযোজ্য।’
পাকিস্তানের এমন সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটবিশ্বে সমালোচনা চলছে। গিলেস্পির অভিযোগের তীর বিশেষ করে পাকিস্তানের প্রধান নির্বাচক ও পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদের দিকে।
আকিব জাভেদের সিদ্ধান্ত নিয়ে কড়া মন্তব্য
গিলেস্পি বলেন, ‘এটা বেশ পরিষ্কার যে, তাদের কোনো নির্বাচন কৌশলই নেই। বিশেষ করে আকিব জাভেদের অধীনে। তারা প্রতিদিন নিজেদের সিদ্ধান্ত বদলায়—যেভাবে প্রতিদিন প্যান্ট বদলায়।’
ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এই কোচ। বাদ পড়া ক্রিকেটাররা কীভাবে সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গিলেস্পির অভিযোগ, ‘যেসব খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, তারা বিষয়টি পরিবার, বন্ধু ও গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। এর চেয়ে অসম্মানজনক আর কী হতে পারে?’
পাকিস্তান ক্রিকেটে একের পর এক পরিবর্তন এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে বিতর্কের মধ্যেই গিলেস্পির এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





