মিরপুরে নাহিদ রানার তোপে ১৯৮ রানে থামলো কিউয়িদের ইনিংস ।  মিরপুরে নাহিদ রানার আগুনে বোলিংয়ে ২০০ ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। এই পেসারের পাঁচ উইকেটে কিউইরা অলআউট হয় ১৯৮ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।
টস জিতে ব্যাটিং নিলেও শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে ২৮ রানে ২ উইকেট নেয় বাংলাদেশ, দুটিই নেন নাহিদ। প্রথম চার ওভারে একটি করে মেডেন দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ এবং পরের ওভারে উইল ইয়াংকে ৭ রানে ক্যাচে ফেরান নাহিদ।
৫২ রানে ৩ উইকেট হারানোর পর নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়েন। কেলি ৬৬ বলে ৯ চারে নিজের প্রথম ওয়ানডে ফিফটি করেন। আব্বাসকে ১৯ রানে ফেরান নাহিদ। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও কেলি থামেন ৮৩ রানে, শরিফুল ইসলামের বলে তাওহীদ হৃদয়ের ক্যাচে। তার ১০২ বলের ইনিংসে ছিল ১৪ চার।
এরপর দ্রুত ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং। জশ ক্লার্কসনকে আউট করেন রিশাদ হোসেন। ডিন ফক্সক্রফট ১৫ রানে নাহিদের শিকার হন। ব্লেয়ার টিকনারকে ক্যাচে ফেরান শরিফুল। নিজের শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ। তিনি ৩২ রানে ৫ উইকেট নেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার।
শেষদিকে তাসকিন আহমেদের বলে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ নেন তাওহীদ হৃদয়। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে ২৬ রানে হারা বাংলাদেশ এই ম্যাচ জিতলেই সিরিজে সমতা আনবে। টসে হেরে ফিল্ডিংয়ে নামা স্বাগতিক দলে একটি পরিবর্তন ছিল, আফিফের জায়গায় খেলছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ড আগের একাদশ নিয়েই খেলছে।