যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, ১৯৯১ সালের পর এটাই সবচেয়ে বেশি হাম সংক্রমণের ঘটনা।
আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু ও কিশোর। এর মধ্যে ১৮ শতাংশের বয়স পাঁচ বছরের কম এবং ৪১ শতাংশের বয়স ৫ থেকে ১৯ বছরের মধ্যে।
হাম সংক্রমণ বাড়ার পেছনে টিকার হার
এ বছর আক্রান্ত ৫ হাজার ১৮২ জনের মধ্যে ৪ হাজার ৯৯৩ জনই অন্য কারও সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। হাম অত্যন্ত সংক্রামক হলেও রোগটি টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য।
যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনগুলোয় শিশুদের টিকাদানের হার কমেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এই হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হাম শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৯ জনের। ২০২৬ সালে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
মৃত্যুর সংখ্যা নিয়ে গরমিল দেখা দিয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী এ বছর হামে চারজনের মৃত্যু হয়েছে, তবে অঙ্গরাজ্যগুলোর হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি।
এবারের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে হামে ছয়জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।
পেনসিলভানিয়ায় দুটি মৃত্যু হাম-সংশ্লিষ্ট কি না, তা নিয়ে গভর্নর জশ শ্যাপিরো ও স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সিডিসি প্রথমে মৃত্যু দুটিকে জাতীয় তালিকায় রাখলেও পরে বাদ দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ মহামারির পর থেকে টিকা না নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

৪৫ মিনিটের প্রেসিডেন্ট!



