27.9 C
Bangladesh
Tuesday, October 20, 2026
BRS TIMES
ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে বিতর্ক, মুখ খুললেন মাহমুদউল্লাহ
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে বিতর্ক, মুখ খুললেন মাহমুদউল্লাহ

সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নতুন ব্যবসায়িক প্রকল্প সম্পর্কে আগে থেকে তাঁর কোনো ধারণা ছিল না। এ ছাড়া প্রকল্পটির সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক বা আর্থিক সম্পৃক্ততাও নেই।

বিতর্কের সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মাহমুদউল্লাহর মতো পরিচিত ক্রিকেটারের এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। বিতর্কের মধ্যে মাহমুদউল্লাহর অনুরোধে জমজম ব্রাদার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিওটি সরিয়ে নেয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ঘটনার ব্যাখ্যা দেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। পরে প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তাদের অফিসে গেলে নতুন একটি ব্যবসায়িক প্রকল্প নিয়ে ভিডিও করার অনুরোধ জানানো হয় তাঁকে।

মাহমুদউল্লাহ লেখেন, ‘তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’

নিজের দীর্ঘ ক্রিকেটজীবনে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা বিভ্রান্ত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন মাহমুদউল্লাহ। পোস্টের শেষে সবার ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটি ঘিরে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে মাহমুদউল্লাহর এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকল্পটির সঙ্গে নিজের ব্যবসায়িক বা আর্থিক সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন তিনি।

Related posts

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

News Desk

৩ দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

News Desk

‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক

News Desk

নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখতে চান ট্রাম্প

News Desk

সরকার সব প্রতিষ্ঠানেই হস্তক্ষেপ করছে : জামায়াত আমির

News Desk

ধলেশ্বরীে এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

News Desk
Translate »