বুধবার, এপ্রিল ৮, ২০২৬
BRS TIMES
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাতিল ফিনালিসিমা
খেলাধূলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাতিল ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাতিল ফিনালিসিমা । ইউরোপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই ‘ফিনালিসিমা’ ঘিরে ফুটবলভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থাগুলো।

প্রথমে কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। সেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের। এতে একই মাঠে দেখা যেত লিওনেল মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের লড়াই।

কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরি হওয়ায় নিরাপত্তা ও আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আয়োজক সংস্থাগুলো জানায়, কাতারের আয়োজক কমিটির সঙ্গে আলোচনা করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করা কঠিন বলে মনে হয়েছে। তাই আপাতত ‘ফিনালিসিমা’ স্থগিত না রেখে সরাসরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ম্যাচ বাতিলের পেছনে আর্জেন্টিনার আপত্তি ছিল বলে কিছু গুঞ্জন ছড়ায়। তবে লাতিন আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, লিওনেল মেসি নিজেই ম্যাচটি খেলতে আগ্রহী ছিলেন। বিশ্বকাপের আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি নেওয়া এবং সম্ভাব্য আরেকটি ট্রফি জয়ের লক্ষ্যও ছিল তার।

উয়েফার পক্ষ থেকে বিকল্প কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। এর একটি ছিল স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা, যেখানে দুই দলের সমানসংখ্যক সমর্থক উপস্থিত থাকতে পারতেন। আরেকটি প্রস্তাব ছিল দুই ধাপে ফিনালিসিমা আয়োজন করা—প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে এবং দ্বিতীয়টি ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সূচিতে।

তবে এসব প্রস্তাবে আর্জেন্টিনা ফুটবল সংস্থা সম্মত হয়নি বলে দাবি করা হয়েছে। আর্জেন্টিনা চেয়েছিল বিশ্বকাপের পর ম্যাচটি আয়োজন করতে। আবার ৩১ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। কিন্তু সূচি জটিলতার কারণে সেটিও সম্ভব হয়নি।

সবমিলিয়ে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–স্পেন লড়াই আর অনুষ্ঠিত হচ্ছে না।

Related posts

চরম ঝুঁকিতে বিসিবির এফডিআর!

News Desk

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

brs@admin

প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

News Desk

মুশফিকের ১৫০, লিটনের ৫০এ বাংলাদেশের ৪০০

brs@admin

সৌম্যকে স্পষ্ট প্রধান নির্বাচকের কড়া বার্তা

brs@admin

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

brs@admin
Translate »