মোংলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। বৃহস্পতিবার প্রণিসম্পদ অফিস চত্বরে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীর সময় বিনামূল্যে পশু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রদর্শনীতে বিভিন্ন স্টলে নানা প্রজাতির পশু-পাখির সেবা ও রোগ নিরাময়ের ওষুধসহ নানান সরঞ্জামাদির প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিরা এতে অংশ নেন।
প্রাণীসম্পদ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি কমিশনার নওসীনা আরিফ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ, টিকা ও ভেটেরিনারি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পশু-পাখি মালিকদের সাথে মতবিনিময় করেন।
এম এ হান্নান/মোংলা/বিআরএসটি

