আওয়ামীলীগের শাসনামলে বাংলাদেশ ছিলো ভারতের অঙ্গরাজ্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামীলীগের কাজ ছিলো ভারতীয়দের পূজা করা। তাদের (ভারতের) সকল চাওয়াপাওয়া পূরণ করা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, এদেশে নির্বাচনি সহিংসতার সূচনা করেছে শেখ হাসিনা। যেটা গত ১৬ বছরে সকল নির্বাচনে চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম নাই যা তারা করেনাই। শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসনামলে আমরা কেবলমাত্র দু:শাসনই পেয়েছি। ওদের একমাত্র কাজ ছিলো দেশের সম্পদ লুটপাট করা।
তিনি আরও বলেন, কেউ যাতে অপকর্মের প্রতিবাদ করতে না পারে তাই তারা হত্যালীলা শুরু করেছিল। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামীলীগ সরকার করেছে। হত্যা, গুম লুণ্ঠন করে দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে তারা।
লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
বিআরএসটি/এসএস

