৫ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
রোববার (১২ অক্টোবর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সই করা এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিগুলো হলো:
(১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।
(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
(৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিআরএসটি/এসএস

