27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বিশ্বকাপ বাছাই : রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

২৩৬ রানের লক্ষ্য। ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় দল। আইরিশরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এরপর রূপকথা লিখলেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার রিতু মনি। ৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেই ৮ বল ও ২ উইকেট হাতে রেখে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন রিতু। আর জয়সূচক রানটা ছক্কা মেরেই নিয়ে জয়টাকে আরেকটু বেশি রাঙালেন রিতু।

সেই রিতু, বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলা ১২১ ম্যাচে ব্যাট হাতে যাঁর কোনো ৪০ রানের ইনিংসও ছিল না। সেই রিতু যাঁকে ছাড়াই গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া সুযোগ হারিয়েছিল বাংলাদেশ।

সেই রিতুর ব্যাটে ভর করেই প্রত্যাবর্তনের গল্প লিখে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ। আর টানা দুই জয়ে বিশ্বকাপ-স্বপ্নটা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের মেয়েদের। ছয় দলের বাছাইপর্ব, লিগ পদ্ধতির টুর্নামেন্টের শীর্ষ দুই দল পাবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে টিকিট। বাংলাদেশে এরপর মঙ্গলবার স্কটল্যান্ড, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ওয়ানডেতে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচেও রেকর্ড গড়তে হলো নিগার সুলতানার দলকে। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে চমকেই দিয়েছিল আইরিশরা। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি প্রথম ৯ ম্যাচে যে দলটি কখনো ২০০ ছুঁতে পারেনি, সেই আয়ারল্যান্ড ৮ উইকেটে তুলে ফেলল কিনা ২৩৫ রান। এরপর রান তাড়ায় রীতিমতো বিপর্যয়ে বাংলাদেশ। ২ রানে পড়েছে প্রথম ২ উইকেট। এরপর তৃতীয় উইকেটে ৫২ রান যোগ করেন শারমিন আক্তার (২৪) ও নিগার সুলতানা (৫১)।

২৬তম ওভারে অধিনায়ক নিগার যখন ফিরলেন বাংলাদেশের স্কোর ৯৪/৫। এর আগেই ব্যাটিংয়ে নামতে হয়েছে রিতুকে, দল ৮২ রানে ৪ উইকেট হারানোর পর। নিগারের বিদায়ের পর ফাহিমাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়েন রিতু। ৩৮ বলে ২৮ রান করে ফাহিমা বিদায় নেওয়ার পর জান্নাতুল ফেরদৌসকে (১৯) আরও ৪০ রান যোগ করেন রিতু। জান্নাতুল ও রাবেয়া ৭ রানের মধ্যে বিদায় নেওয়ার পর নাহিদা আক্তারকে নিয়ে বাকি কাজটা সারেন রিতু। নাহিদা অপরাজিত ছিলেন ১৮ রানে।

এর আগে টসে জিতে ব্যাটিং করা আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেছেন লরা ডেলানি। বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান পেয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

News Desk

হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ

News Desk

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

News Desk

দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ নেতা বহিষ্কার

News Desk

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin

দুপুরে সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

News Desk
Translate »