26.3 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান

বিআরএস টাইমস: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের এই আগুনে সেখানকার অন্তত ৯৪টি রিসোর্ট, দোকান, রেস্তোরাঁ ও বসতঘর পুড়েছে। আগুনের তীব্রতা এতটাই প্রবল ছিল, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছতে অনেক সময় লেগে যায়। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার, শর্টসার্কিট কিংবা সিগারেট থেকে আগুন লাগতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের এই পর্যটন কেন্দ্রের ইকো ভ্যালি রিসোর্ট থেকেই প্রথমে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে আগুন আশপাশের কয়েকটি রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।  বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালাসহ বিভিন্ন উপজেলা থেকে ১১টি ইউনিট রওনা দিলেও সাজেকে পৌঁছতে  প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়। পরে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, আগুনে ৩২টি রিসোর্ট, ৩৫টি বসতঘর, ২০টি দোকানঘর ও ৭টি রেস্তোরাঁ পুড়েছে। এসব রিসোর্ট,  বসতঘর, দোকান ও  রেস্তোরাঁর কোনো মালপত্র রক্ষা করা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, বিকেল ৫টার দিকে নিয়ন্ত্রণে এলেও আগুন যাতে অন্যত্র ছড়াতে না পারে, সে জন্য আশপাশে পানি ছিটানো হয়েছে। সাজেক পর্যটন কেন্দ্র পাহাড়ের ওপর  হওয়ায় পানি নিয়ে সংকটে পড়তে হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত– এখনই বলা যাচ্ছে না।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সাজেকে সাময়িক সময়ের জন্য পর্যটক প্রবেশ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও রিসোর্ট ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় সাজেকে অবস্থান করা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাজেকে থাকা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেয়া হয়।

বিআরএসটি/আরএন

Related posts

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক গুলিবর্ষণ

News Desk

কাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

News Desk

জয় পেলো ম্যানসিটি, বার্সা ও মিলান

News Desk

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

News Desk

ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক দুই সিইসি গ্রেফতার : বদিউল আলম

brs@admin

সড়কে একই পরিবারের ৭ জনের প্রাণহানি

News Desk
Translate »