পিরোজপুরের জিয়ানগরে দশম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে নিকাহ রেজিস্ট্রার (কাজী) জাহাঙ্গীরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৩৩ বছর বয়সী এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে রেজিস্ট্রি করা হয়। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিয়ে হওয়া শিক্ষার্থীর নাম বিথি আক্তার। ওই শিক্ষার্থী জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাটাজোড়া গ্রামের বেলায়েত ফকিরের মেয়ে। বিথি আক্তার উপজেলার বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর মো. সবুজ শেখ (৩৩) পিরোজপুর সদর উপজেলার চালনা-নামাজপুর গ্রামের আবদুল মালেক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জাহাঙ্গীর কাজী দেড় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে সবুজ শেখ ও বিথি আক্তারের বিয়ে রেজিস্ট্রি করেন। স্থানীয়দের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে রেজিস্ট্রি করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে জাহাঙ্গীর কাজীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি মীমাংসার কথা বলেন। পাশাপাশি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
শিক্ষার্থীর বাবা বেলায়েত ফকির বলেন, ছেলের পক্ষ থেকে বারবার অনুরোধ করায় মেয়েকে বিয়ে দিয়েছেন। মেয়েকে পড়াশোনা করানোর ইচ্ছা ছিল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ায় আর পড়াশোনা করানো হবে না।
বর সবুজ শেখ বলেন, মেয়ের বয়স হয়েছে কি না, তা তাঁরা জানেন না। মেয়ের বাবা বয়সের তথ্য গোপন করেছেন। তিনি তাঁদের বলেছেন, কোনো সমস্যা নেই। কাজী তাঁর আত্মীয় হওয়ায় বিয়ে রেজিস্ট্রি করেছেন।
বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক বিশ্বাস বলেন, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়ার সুযোগ নেই। ওই শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে চাইলে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, কেউ বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী নারী এবং ২১ বছরের কম বয়সী পুরুষ অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য। আইনের ৯ ধারায় বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনার অপরাধে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই আইনের ১২ ধারায় জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও পাসপোর্টকে বয়স প্রমাণের আইনগত দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।




