আগামী ১০ বছরেও বর্তমান সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।
তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকার বদল নিয়ে তাঁর বক্তব্য
আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না বলে উল্লেখ করেন তিনি। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তিনি বলেন, ওই সময় পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব লেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের তা পড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক এই সম্মেলনে বিভিন্ন কলেজের শিক্ষক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

