BRS TIMES
গণহত্যা মামলায় মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক আদালত
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গণহত্যা মামলায় মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক আদালত

গণহত্যা মামলায় মিয়ানমারকে দায়ী করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে ঐতিহাসিক এই রায় পড়া শুরু করেন আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া। রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রমাণ অনুযায়ী ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা সহিংসভাবে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যা চালিয়েছে, পুরুষদের আলাদা করে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নির্যাতন করেছে। পালিয়ে বাংলাদেশের দিকে আসা রোহিঙ্গাদের ওপরও হামলা চালানো হয়েছে এবং পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামের পর গ্রাম।

বিচারক ইওয়াসাওয়া বলেন, কোনো কোনো ক্ষেত্রে মিয়ানমার গণহত্যার অভিপ্রায় নিয়েই এসব কর্মকাণ্ড চালিয়েছে। আদালত রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহাসিক পরিচয়সম্পন্ন একটি স্বতন্ত্র সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৭ সালের আগস্টের অভিযানের আগে মিয়ানমারের উত্তর রাখাইনে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

গণহত্যা মামলায় রায়ের বিস্তারিত

অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন। আদালত আরও বলেছে, অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে। তবে রায়ে এটাও স্বীকার করা হয়েছে যে আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিকদের ওপর হামলা চালিয়েছিল।

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। অভিযোগ ছিল, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে গণহত্যা চালিয়েছে, গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে এবং দায়ীদের বিচার করেনি।

১৫ জন নির্বাচিত বিচারকের প্যানেল রায়টি দিয়েছেন; সঙ্গে ছিলেন দুই জন অ্যাড হক বিচারক। গণহত্যা মামলার মূল বিষয়ের ওপর আইসিজের এটি মাত্র তৃতীয় রায়, আর এর আগে আদালত কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি। এই রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক, এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, ২০১৭ সালের অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ নিরাপত্তা অভিযান। তবে এই রায়ের পর দেশটির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Related posts

ঘনিয়ে আসছে ৯ জুলাই, এরপর কী করবেন ডোনাল্ড ট্রাম্প

brs@admin

১২ লাখ টাকা দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়ামণি

brs@admin

বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

News Desk

পারমাণবিক অস্ত্রবাহী এক ডজন এফ-৩৫এ কিনবে যুক্তরাজ্য

brs@admin

নির্বাচনকে ঘিরে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

News Desk

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk