BRS TIMES
লি জং-সুক ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ রাজপুত্র হাইনরি
বিনোদন

পর্দার রাজপুত্র বাস্তবেও ধনী – ৬৩০ কোটি টাকার মালিক লি জং

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি জং-সুক এখন ডিজনি প্লাসের ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ সিরিজে রাজপুত্র হেইনরির ভূমিকায়। পর্দায় তাঁর চরিত্রটি রাজপরিবারের সদস্য, বিলাসী জীবনে অভ্যস্ত। বাস্তবেও তাঁর সম্পদের পরিমাণ চমকে দেওয়ার মতো – আবাসন খাতে বিনিয়োগের আনুমানিক মূল্য প্রায় ৬৩০ কোটি টাকা।

দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে অভিনেতার বিপুল আবাসন সম্পদের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকের বেশি আগে কম দামে কেনা তাঁর একটি বিলাসবহুল বাড়ির দাম এখন প্রায় পাঁচ গুণ বেড়েছে। রিয়েল এস্টেটে সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্তই এই সম্পদ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

পর্দার রাজপুত্র বাস্তবেও ধনী - ৬৩০ কোটি টাকার মালিক লি জং

‘ওয়ান্ডার প্ল্যানেট’ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে সম্পত্তির হিসাব তুলে ধরা হয়েছে। ২০১৫ সালের মার্চে সিউলের হান্নাম-দংয়ের ইউএন ভিলেজে লা তেরাসে হান্নাম প্রকল্পে একটি বিলাসবহুল বাড়ি কেনেন লি জং-সুক। ২৮৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৫ বর্গফুট) বাড়িটির জন্য তখন খরচ হয়েছিল প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ওন, ডলারের হিসাবে প্রায় ৩০ লাখ।

বাড়িটি কেনার সময় বড় ছাড় পেয়েছিলেন তিনি। প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ তখন আর্থিক সংকটে ছিল, তাই আসল দামের অর্ধেকেরও বেশি কমে বাড়িগুলো বিক্রি করা হচ্ছিল। সেই সুযোগটাই কাজে লাগান লি জং-সুক।

আজ একই ধরনের বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন। অর্থাৎ ১১ বছরে দাম বেড়েছে প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ওন – কেনা দামের প্রায় ৪ দশমিক ৭ গুণ। বাড়িটি এখনো তাঁর নামেই রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

২০১৯ সালে একই এলাকার নাইন ওয়ান হান্নাম প্রকল্পে চলে যান অভিনেতা। সেখানে ৩৩৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৯৫ বর্গফুট) একটি অ্যাপার্টমেন্ট কেনেন প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওনে। প্রথমে দুই বছর ভাড়ায় থেকে পরে সেটির মালিকানা নেন তিনি। বর্তমানে একই ধরনের অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন।

হান্নাম-দংয়ের এই দুটি আবাসনের বর্তমান মূল্য একসঙ্গে প্রায় ৪৭ বিলিয়ন ওন। অন্য সম্পত্তিগুলোর মূল্য যোগ করলে তাঁর মোট আবাসন সম্পদ ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই হিসাবকে লি জং-সুকের মোট ব্যক্তিগত সম্পদ ধরা যাবে না। হিসাবটি সম্ভাব্য বাজারদরের ওপর ভিত্তি করে করা হয়েছে; আসল বিক্রির দাম কত হবে, তা নিশ্চিত /নয়। আর সম্পত্তি কিনতে নেওয়া ঋণ কিংবা অন্য দায়দেনাও এতে ধরা হয়নি।

লি জং-সুক: তার সেরা সিরিজ

‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ ও ‘বিগ মাউথ’-এর মতো জনপ্রিয় কোরীয় সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন লি জং-সুক। ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ তাঁর সহশিল্পী শিন মিন-আ ও জু জি-হুন। পর্দার রাজপুত্রের সঙ্গে বাস্তব জীবনের এই সম্পদের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

Related posts

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk

যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার’; পরীমনির স্ট্যাটাস

News Desk

‘গোপনে বিয়ে’র খবরে ক্ষিপ্ত পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

News Desk

অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী শাওন

brs@admin

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা

News Desk

২১ বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির, স্কুল বদলেছেন ১২টি

News Desk