BRS TIMES
এইচএসসিতে ফেল , এক মাসের মধ্যে পাবে পুনরায় পরীক্ষার সুযোগ
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

এইচএসসিতে ফেল : এক মাসের মধ্যে পাবে পুনরায় পরীক্ষার সুযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে একটি শিক্ষাবর্ষ হারিয়ে না ফেলে এবং দ্রুত শিক্ষার মূল ধারায় ফিরতে পারে, সে জন্য সর্বোচ্চ এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, সম্পূরক পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না কিংবা যারা পরীক্ষায় অংশ নেবে না, তাদেরও বাদ দেওয়া হবে না। বরং বিশেষ প্রকল্পের মাধ্যমে কারিগরি ও কর্মমুখী শিক্ষার আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

উত্তরপত্র মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রতিটি পরীক্ষককে তুলনামূলক কমসংখ্যক উত্তরপত্র দেওয়া হয়েছে। অতীতে খাতা পুনর্মূল্যায়নের পর হাজার হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এসব অনিয়ম ও দুর্বলতার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবার পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, এটি কোনো একটি বিষয়ের ঘাটতির কারণে হয়নি। বরং সামগ্রিক শিখন পদ্ধতি, পাঠ্যবই ও শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। এসব বিষয় পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক খারাপ ফলের বিষয়ে মন্ত্রী জানান, এ দুই বিষয়ে ফলের অবনতি ঠেকাতে ইতোমধ্যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব কলেজে শিক্ষার্থীর সংখ্যা কম কিংবা পাসের হার শূন্য, সেসব প্রতিষ্ঠান ভালো ফল করা পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে একীভূত করার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাতে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া নিশ্চিত করতে শ্রেণিকক্ষেও সিসি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

দেশের ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

brs@admin

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

News Desk

দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের

News Desk

রাঙামাটিতে পাহাড়ে সেনা অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

News Desk

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk

হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান

News Desk
Translate »