26.1 C
Bangladesh
Tuesday, October 13, 2026
BRS TIMES
ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা তিনটি কারণ উল্লেখ করেছেন।

এ বিষয়ে রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

যে কারণে রিমান্ড চেয়েছে সিআইডি

রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তথ্য উদঘাটনের জন্যও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

বিমানবন্দর থেকে আটক ডন

এর আগে গত ৯ আগস্ট ভোরে বিমানবন্দর এলাকা থেকে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

একই দিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলা

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। পরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজের আদেশের পর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সালমান শাহের মামা রমনা থানায় হত্যা মামলা করেন।

Related posts

আবারও কেন্টের জয়ের নায়ক হাসান মাহমুদ

News Desk

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

brs@admin

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক গুলিবর্ষণ

News Desk

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছে বিএসবির বাশার

brs@admin

ফাঁসিতে ঝুলছিলেন স্বামী, কূপে পড়ে ছিল স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

News Desk

রাজধানীতে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

News Desk
Translate »