আন্তর্জাতিক আদালতকে যুক্তরাষ্ট্র মানবে না, স্পষ্ট ভাষায় বলে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটনে রক্ষণশীল আইনজীবীদের সংগঠন ফেডারালিস্ট সোসাইটির অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তীব্র সমালোচনা করেন। তাঁর ভাষ্য, আমেরিকা কখনো এই আদালতের কর্তৃত্ব মেনে নিতে রাজি হয়নি, অথচ আদালতটি নিজেই নিজেকে বিশ্বব্যবস্থার বিচারক, জুরি আর জল্লাদ হিসেবে বসিয়েছে।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কঠোর বিচারক আর প্রাণহীন বৈশ্বিক আমলাদের দৃষ্টিভঙ্গির কাছে মাথা নত করবে না। মার্কিন কর্মকর্তা কিংবা সেনাসদস্যদের বিচারের মুখোমুখি করার চেষ্টা থেকেই আইসিসির ওপর গত মাসে ঘোষিত নিষেধাজ্ঞার যুক্তি টেনেছেন তিনি।
আন্তর্জাতিক আদালত নিয়ে কঠোর অবস্থান
হুমকির সুরে রুবিও বলেন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে আইসিসি তার রায় কার্যকর করতে এলে ওয়াশিংটন শক্তি দিয়ে জবাব দেবে। রোমান সেনাপতি পম্পের উদ্ধৃতি টেনে তিনি বলেন, তলোয়ার হাতে থাকা মানুষদের কাছে আইনের কথা বলা বন্ধ করা হোক।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই হেগভিত্তিক এই আদালতের বিরোধী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে তদন্তের কারণে ওয়াশিংটন আদালতটির ওপর ক্ষুব্ধ। আদালতের কার্যক্রম থমকে দিতে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা আগামী এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা, যদি না এর আগে কোনো সমঝোতা হয়।
ভাষণে রুবিও ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গের সমালোচনাও নাকচ করে দেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী অভিযোগে নৌকায় হামলার মতো পদক্ষেপগুলোকে তিনি প্রশাসনের শক্তিশালী পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই দেখেন।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য হলো তেহরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর এটিই রুবিওর প্রথম প্রস্তুত ভাষণ। এতে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।




